বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের বিকাশে বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে ফ্রান্স। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই (MARIE MASDUPUY) এর সাথে সোমবার বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে টেলিযোগাযোগ ও স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় হয়েছে। বৈঠকে পলক বলেছেন, ‘"ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং অকৃত্রিম বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত ১৫বছরে ডিজিটাইজেশনের ধারাবাহিকতায় বিস্ময়কর অগ্রগতি করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্য। দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাট-২ উৎক্ষেপণে আমরা কাজ করছি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে জননেত্রী শেখ হাসিনার সরকারের অগ্রগতি বিশ্বের বিস্ময়”।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি জায়গা। তাই সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে বলে আমি প্রত্যাশা করি। ফ্রান্স ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রান্স দক্ষতা শেয়ারিং, সক্ষমতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ" উদ্যোগের সাথে জড়িত বাংলাদেশী কর্মকর্তা, নীতিনির্ধারক এবং পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা, ফরাসি ও বাংলাদেশী গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ এবং উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে’।







